আগরতলা, ২৭ মার্চ ২০২৬ঃ
ত্রিপুরায় ৯ এপ্রিল আয়োজিত ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে শুক্রবার ধর্মনগর থানায় একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, থানার ওসি মীনা দেববর্মা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
আলোচনায় মূল গুরুত্ব দেওয়া হয় নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়ানোর ওপর। পুলিশ আধিকারিকরা সকল রাজনৈতিক দলের কাছে সহযোগিতা কামনা করেন, যাতে নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়, যার উদ্দেশ্য ভোটের আগে এবং ভোটের দিন এলাকায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখা। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরাও নির্বাচনের সময় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।