আগরতলা, ২ এপ্রিল ২০২৬ঃ
আগামী ৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত, এই দুই সপ্তাহে ত্রিপুরায় বৃষ্টিপাত স্বাভাবিকের নিচে থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে এই সম্ভাবনার কথা জানাল ভারতীয় আবহাওয়া দফতর। প্রথম সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা বেশি থাকতে পারে, তবে দ্বিতীয় সপ্তাহে তা স্বাভাবিকের আশেপাশেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা উভয় সপ্তাহেই প্রায় স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে।
এই সময়ের মধ্যে রাজ্যের কিছু জেলায় এক বা দুই স্থানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর-পূর্ব ভারত ও পার্শ্ববর্তী অঞ্চলে গত ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত একাধিক সাইক্লোনিক সার্কুলেশন, ট্রফ লাইন এবং সাবট্রপিক্যাল ওয়েস্টারলি জেট স্ট্রিম সক্রিয় থাকায় ত্রিপুরাসহ বিস্তীর্ণ এলাকায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে।
এই সময়ে রাজ্যে কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও একটি দিন প্রায় শুষ্ক আবহাওয়া বিরাজ করে। তবে ৩০ ও ৩১ মার্চ রাজ্যের অধিকাংশ স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মোট বৃষ্টিপাত হয়েছে ৫২.১ মিলিমিটার, যা স্বাভাবিকের তুলনায় ৫৩ শতাংশ বেশি। অন্যদিকে ১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মৌসুমী বৃষ্টিপাত দাঁড়িয়েছে ১১৯.১ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে ৫৯ শতাংশ বেশি।
তাপমাত্রার দিক থেকে দেখা গেছে, সপ্তাহজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা বেশিরভাগ দিন স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে ছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় স্বাভাবিক অবস্থায় ছিল। এই সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ মার্চ, আগরতলায় ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ও ২৯ মার্চ, কৈলাশহরে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।