আগরতলা, ২ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় আসন্ন টিটিএএডিসি নির্বাচন ও ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে প্রদেশ কংগ্রেস। দলের অভিযোগ, ২০১৮ সালের পর থেকে রাজ্যে প্রতিটি নির্বাচনের মতো এবারও সরকারি প্রশাসনের অপব্যবহার, সরকারি অর্থের অপচয় এবং নির্বাচনী বিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ বা সন্তোষজনক জবাব মেলেনি বলে দাবি কংগ্রেসের।
কংগ্রেসের আরও অভিযোগ, রাজ্যে পর্যাপ্ত ভিভিপ্যাট যুক্ত ইভিএম থাকা সত্ত্বেও মধ্যপ্রদেশ থেকে পুরনো ভিভিপ্যাটবিহীন এম-২ মডেলের ভোটিং মেশিন আমদানি করা হয়েছে, যা নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। সর্বদলীয় বৈঠকে কংগ্রেস প্রতিনিধিরা ভিভিপ্যাট যুক্ত ইভিএমে ভোটগ্রহণ অথবা ব্যালট পেপারে নির্বাচন করার দাবি জানান। পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাবও তোলা হয়। তবে বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা চলাকালীন শাসকদলের প্রতিনিধিদের বাধায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়ে যায় বলে অভিযোগ।
নির্বাচনী পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস।