আগরতলা, ২ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত, স্বচ্ছ ও সহজলভ্য করতে বড়সড় ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। এই লক্ষ্যে রাজ্যের সমস্ত জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, আইএইচএমআইএস চালু করা হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে রোগীরা কিউআর কোড স্ক্যান করে দ্রুত বহির্বিভাগের টিকিট সংগ্রহ করতে পারবেন এবং নিজের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য সহজেই জানতে পারবেন। ফলে চিকিৎসা পরিষেবায় স্বচ্ছতা ও গতি দুটোই বাড়বে বলে মনে করা হচ্ছে।
২ মার্চ ২০২৬ মহাকরণে অনুষ্ঠিত এক বৈঠকে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবশ্রী দেববর্মা, এবিডিএম-এর স্টেট মিশন অধিকর্তা ডাঃ জি শরথ নায়েকসহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে আইএইচএমআইএস প্রকল্পটি দ্রুত ও সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিইসিআইএল-এর প্রতিনিধিদের এই প্রকল্প শতভাগ সফল করার ওপর জোর দেওয়া হয় এবং কোনো ধরনের গাফিলতি না করার কড়া বার্তা দেওয়া হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়।