আগরতলা, ৪ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরার জনপ্রিয় পর্যটন কেন্দ্র নারিকেলকুঞ্জে আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল স্থানীয়রা ও পর্যটকরা। ডুম্বুর জলাশয়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন অভিনব সিং। ২০ বছর বয়স্ক এই যুবক এনআইটি আগরতলার ছাত্র। সে উত্তরপ্রদেশের বাসিন্দা।
অভিনব সিং তাঁর তিন সহপাঠীর সঙ্গে নারিকেলকুঞ্জে ঘুরতে এসেছিলেন। শনিবার দুপুরে হেলিপ্যাড সংলগ্ন এলাকায় ঘোরাঘুরির সময় তিনি অসাবধানতাবশত ডুম্বুর জলাশয়ে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
অভিনবের সঙ্গে থাকা অন্য তিনজন হলেন আদিত্য নারায়ণ, নাইসা ঝা এবং কুসুম কুমারী। তারা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটে যে সাহায্য করার সুযোগই পাননি।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চললেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনও সন্ধান মেলেনি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে এবং দ্রুত নিখোঁজ ছাত্রকে খুঁজে বের করার সর্বাত্মক চেষ্টা চলছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।