আগরতলা, ১৩ এপ্রিল, ২০২৬ঃ
টিটিএএডিসি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপির প্রদেশ কার্যালয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, দলের মন্ত্রী, বিধায়ক, প্রার্থীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আগরতলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সদ্যসমাপ্ত এডিসি নির্বাচনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন বুথের এজেন্ট ও নেতাকর্মীদের কাছ থেকে প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করেন দলীয় নেতৃত্ব।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী পরিস্থিতি অনেকটাই দলের অনুকূলে রয়েছে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। তিনি বলেন, “মোটামুটি ফেভার এই আছে ইলেকশন রেজাল্ট”, তবে ফলাফলই শেষ কথা বলবে।
নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সম্ভাব্য সহিংসতা রুখতে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট বলেন, অশান্তি বরদাস্ত করা হবে না। প্রশাসনকে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি।