আগরতলা, ২৬ এপ্রিল, ২০২৬
ত্রিপুরায় শরিকদল তিপ্রামথার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের দারস্ত হল বিজেপি। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল প্রশাসনের বিরুদ্ধে গুরুতর দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে রাজ্যপালের কাছে তদন্তের দাবি জানিয়েছে দল।
রবিবার বিজেপির একটি প্রতিনিধি দল রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু রেড্ডির কাছে এই সমস্ত অভিযোগ নিয়ে স্মারকলিপি জমা দেয়। পরে প্রতিনিধি দলের পক্ষে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা এক সাংবাদিক সম্মেলনে জানান, তিপ্রামথার সময়ে সরকারি অর্থের অপব্যবহার এবং বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত সহ ব্যাপক দুর্নীতি হয়েছে। সম্প্রতি এডিসি নির্বাচনের সময়ে গোপনে ও তড়িঘড়ি করে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বহু নিয়োগ করা হয়েছে। যা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
দলের আরও অভিযোগ, টিটিএএডিসি প্রশাসন দীর্ঘদিন ধরে আর্থিক নিরীক্ষা বা অডিট সংক্রান্ত নিয়ম মানেনি। সিএজি এর তরফে টিটিএএডিসি প্রশাসনকে সতর্ক করা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।
এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি রাজ্যপালের কাছে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করে। পাশাপাশি, টিটিএএডিসি এলাকার বাসিন্দাদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হয়েছে।