আগরতলা, ২ মে, ২০২৬ঃ
টানা বর্ষণে আসাম ও ত্রিপুরা যোগাযোগকারী ৮ নং জাতীয় সড়কের লোয়ারপোয়া অংশে রাস্তার অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। সড়কটি রাজ্যকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত রাখার প্রধান সড়ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার বহু অংশ ভেঙে যাওয়ায় ফলে শতাধিক যানবাহন আটকে পড়েছে, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীএয়া।
শুক্রবার বিকেলে লোয়ারপোয়া এলাকায় একটি ১৬ চাকার ট্রাক রাস্তায় আটকে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর জেরে দুই দিকেই দীর্ঘ যানজট তৈরি হয় এবং প্রায় ২০০ এর বেশি যানবাহন আটকা পড়েছে। অভিযোগ, সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে, ভারতবালা প্রকল্পের অধীন ২০ নং জাতীয় সড়কের বাইপাসে লোয়ারপোয়া থেকে হাতিখিরা পর্যন্ত চলমান কাজের কারণে ওই অংশ বন্ধ থাকায় ভারী যানবাহনগুলিকে লোয়ারপোয়া বাজারের সংকীর্ণ রাস্তায় দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে বিকল্প পথগুলিও দ্রুত নষ্ট হয়ে পড়েছে।
বর্তমানে সড়ক যোগাযোগ প্রায় ভেঙে পড়ার মুখে, এবং প্রতিদিন যাতায়াতকারী মানুষদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। দ্রুত রাস্তা সংস্কার ও আটকে পড়া যানবাহন সরানোর দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবহন ব্যবসায়ীরা।