আগরতলা, ৪ মে, ২০২৬ঃ
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নতুন কার্যনির্বাহী সদস্য তথা সিইএম হতে চলছেন রুনিয়েল দেববর্মা। জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ভবরঞ্জন রিয়াং। তিপ্রামথা দলের নবনির্বাচিত এমডিসিদের এক বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার।
বৈঠক সম্পর্কে দলের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়, এদিন সমস্ত নবনির্বাচিত এমডিসিদের বৈঠকে ভার্চুয়ালি মহারাষ্ট্র, মুম্বাই থেকে অংশগ্রহণ করেন দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা। বৈঠকে সর্বসম্মতিক্রমে টিটিএএডিসি-র গুরুত্বপূর্ণ পদগুলির জন্য নাম চূড়ান্ত করা হয়। পরিষদে একমাত্র কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চন্দ্র কুমার জমাতিয়া। কার্যনির্বাহী সদস্যের অন্যান্য পথ গুলির জন্য প্রার্থীদের নাম আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের পর ঘোষণা করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। একইভাবে কার্যনির্বাহী সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তরের বন্টনের বিষয়টিও রেখে দেওয়া হয়েছে। বর্তমানে দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা, তার শারীরিক অসুস্থতার কারণে মহারাষ্ট্রে মুম্বাইয়ে চিকিৎসাধীন রয়েছেন।
খুমুলুঙ টিটিএএডিসি কাউন্সিল ভবনে ৬ মে চেয়ারম্যান ও সিইএম পদের আনুষ্ঠানিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিনই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।