আগরতলা, ১৫ মে, ২০২৬ঃ
বিজেপি দল ছাড়ার কারণে এক পরিবারকে রাতভর তারা বন্দী করে রাখা হলো আগরতলায়।
আগরতলা কৃষ্ণনগর প্রগতি রোড এলাকায় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর এলাকার ওই পরিবারের দুই মহিলা সম্প্রতি বিজেপি ছেড়ে তিপ্রামথা দলে যোগদান করেন। এরপর বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা তাদের বাড়ির মূল দরজার বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। ফলে পরিবারের সদস্যরা রাতভর ঘরবন্দি অবস্থায় ছিলেন।
শুক্রবার সকালে ঘটনার খবর পেয়ে তিপ্রামথার বিধায়ক বিশ্বজিৎ কলই ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশের খবর দেওয়া হলে পুলিশ বাড়ির প্রধান ফটকের তালা কেটে ভিতরে আটকে থাকা দুই মহিলাকে উদ্ধার করে।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তিপ্রামথার তরফে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।