আগরতলা, ৩০ মে, ২০২৬ঃ
ত্রিপুরার এক চিটফান্ড মামলায় ৩ আধিকারিককে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিল বিশেষ সিবিআই আদালত। বিশেষ সিবিআই আদালতের বিচারক দেবাশিস কর শনিবার এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার লক্ষ্যে উনকোটি জেলার জেলা শাসককে প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছে আদালত।
প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের ওই চিটফান্ড সংস্থা ২০০৯ সালে উনকোটি জেলায় অধিক মুনাফার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। কিন্তু ২০১২ সালের শেষ দিক থেকে সংস্থা বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া বন্ধ করে দিলে আমানতকারীরা কৈলাশহর থানায় মামলা দায়ের করেন। বিচারে অভিযুক্তদের বিরুদ্ধে ৮ শ এর বেশি আমানতকারীর কাছ থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ ছিল। তদন্তের পর সিবিআই সংস্থার তিন কর্মকর্তা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অরিন্দম দাস, প্রশাসনিক পরিচালক দীপশিখা দাস এবং ম্যানেজিং ডিরেক্টর পরিতোষ দাসের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
বিশেষ সিবিআই পাবলিক প্রসিকিউটর প্রসেনজিৎ সাহা জানান, ৭ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আদালত বিভিন্ন ধারায় এদের প্রত্যেককে ছ বছর পরে কারাদন্ডের সাজা ঘোষণা করেন, সঙ্গে তিন লক্ষ টাকা করে জরিমানাও করা হয়। পাশাপাশি মূল কোম্পানিকে আরো ছয় লক্ষ টাকা জরিমানা করেছ আদালত।
এদিকে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দিতে সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করতে উনকোটি জেলার জেলা শাসককে নির্দেশ দিয়েছে আদালত।