আগরতলা, ৩০ মে, ২০২৬ঃ
ত্রিপুরায় ২০২৪ সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির পুনর্বাসনের জন্য ৭৫ কোটি ৬০ লক্ষ টাকার মঞ্জুর করল কেন্দ্র সরকার। রাজ্যের জন্য অনুমোদিত মোট ২৫২ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের অংশ হিসেবে এই অর্থ জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে এই সাহায্য দেওয়া হয়েছে।
শনিবার নিজের সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ২০২৪ সালের বন্যায় রাজ্যের বিভিন্ন এলাকায় সড়ক, সেতু, সরকারি অবকাঠামোসহ বহু সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পাশাপাশি হাজার হাজার মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়।
মুখ্যমন্ত্রী জানান, বন্যার ক্ষয়ক্ষতির হিসাব করার জন্য রাজ্য সরকার একটি সমীক্ষা করে। এর ভিত্তিতে পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহায়তা আবেদন করা হয়।
এর ভিত্তিতে কেন্দ্র সরকার ত্রিপুরার পুনর্বাসন কর্মসূচির জন্য ২৫২ কোটি টাকার বিশেষ আর্থিক সহায়তা অনুমোদন করে। তারই অংশ হিসেবে গত শনিবার প্রথম কিস্তিতে ৭৫ কোটি ৬০ লক্ষ টাকা দেওয়া হয়।
এই সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং বন্যাকবলিত মানুষের স্বাভাবিক জীবনে ফিরতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।