আগরতলা, ৩০মে, ২০২৬ঃ
ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি আবার আগামী ৫ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের ঘোষণা করল। শনিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক অমৃত রিয়াং জানান, রাজ্যের বিভিন্ন জঙ্গি সংগঠন গুলির সদস্যরা ১৯৯৮ সালে আত্মসমর্পণ করলে সরকার তাদের পুনর্বাসনের উদ্যোগ নেয়। ২০০৭ সালে রাজ্য সরকারের তরফে তাদের পুনর্বাসনের জন্য ৪৫ কোটি টাকার একটি প্রকল্প চালু করা হয়। কিন্তু ২০২০ সালে করুণা অতিমারি সময় এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়।
পরে আবার প্রকল্পটি চালু করার জন্য আন্দোলন শুরু করে সংগঠন। শেষবার গত ২০ ফেব্রুয়ারি প্রকল্প চালু দাবিতে আন্দোলনের ডাক দিলে রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা অবিলম্বে প্রকল্পটি চালুর প্রতিশ্রুতি দিলেও উদ্যোগ নেননি।
প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও সাড়া না পেয়ে আগামী ৫ জুন আবার জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছে সংগঠন।
সংগঠনের নেতৃত্বদের অভিযোগ পুনর্বাসন সাহায্য না পেয়ে প্রাক্তন জঙ্গিরা দৈনন্দিন জীবনযাপনে মারাত্মক সমস্যায় ভোগ করছেন।