আগরতলা, ৪ জুন, ২০২৬ঃ
ত্রিপুরার জন্য গর্বের নতুন অধ্যায় রচনা করল পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর আর.ডি. ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। ভারতের প্রশাসনিক সংস্কার ও জনঅভিযোগ দপ্তর প্রদত্ত জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ২০২৬, রৌপ্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে এই গ্রাম পঞ্চায়েত।
এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে রাজ্যের বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ বলেন, এটি সমগ্র ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রযুক্তিনির্ভর জনসেবা, তৃণমূল স্তরে উদ্ভাবনী উদ্যোগ এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সহজলভ্য করে তোলার ক্ষেত্রে বিজয়নগর গ্রাম পঞ্চায়েত দেশের সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
মন্ত্রী বলেন, “এই সম্মান প্রমাণ করে যে রাজ্যের পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলি শুধু উন্নয়নের অংশীদার নয়, বরং ডিজিটাল সুশাসন ও জনমুখী প্রশাসনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করছে।”
মন্ত্রী আরও জানান, দক্ষ পরিষেবা প্রদান, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক শিক্ষামূলক উদ্যোগ, ‘গ্রাম বার্তা’ অ্যাপের উন্নয়ন, মহিলাদের মধ্যে ডিজিটাল সাক্ষরতার প্রসার এবং শতভাগ পুরনো নথি ও তথ্য ডিজিটাল সংরক্ষণের মতো উল্লেখযোগ্য কর্মকাণ্ডের জন্যই বিজয়নগর এই সম্মান অর্জন করেছে।
তিনি উল্লেখ করেন, বিজয়নগরই রাজ্যের একমাত্র গ্রাম পঞ্চায়েত যেখানে ১০০ শতাংশ পুরনো নথি ডিজিটালভাবে সংরক্ষিত হয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য পঞ্চায়েতের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।