আগরতলা, ১২ জুন, ২০২৬ঃ
শান্তিনিকেতন মেডিকেল কলেজে ২৪ বছর বয়সী তরুণী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস যৌথভাবে এক সাংবাদিক সম্মেলন করে। সেখানে তারা উচ্চ আদালতের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি জানায়।
কংগ্রেস নেতাদের অভিযোগ, পুলিশের তদন্ত প্রক্রিয়ায় একাধিক দুর্বলতা রয়েছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ঘটনার সঠিক সত্য উদঘাটনে আরও স্বচ্ছ ও উচ্চপর্যায়ের তদন্ত প্রয়োজন। এদিকে মৃতার মা মুখ্যমন্ত্রীর কাছে মেয়ের মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেছেন।
উল্লেখ্য, বুধবার গভীর রাতে শান্তিনিকেতন মেডিকেল কলেজের হোস্টেল কক্ষ থেকে মনীষা দাসের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় রাজ্য প্রশাসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বিশাল কুমারকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তিনি নিজেই গোটা তদন্ত প্রক্রিয়ার তদারকি করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
অন্যদিকে, ঘটনায় ধৃত প্রসেনজিৎ সরকারকে শুক্রবার আদালতে তোলা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে।