আগরতলা, ১৯ জুন, ২০২৬ঃ
রাজ্যের চিকিৎসা শিক্ষা ক্ষেত্রে নতুন সংযোজন হতে চলেছে। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন উদয়পুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার জন্য রাজ্য সরকারের আবেদন গ্রহণ করেছে।
শুক্রবার নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই কলেজে ৬০টি আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকবে। এই অনুমোদন ত্রিপুরায় আয়ুর্বেদিক শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, এই সাফল্য রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে এবং একইসঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করতে সহায়ক হবে। প্রাচীন ও ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদের প্রসারেও এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব ও নিরন্তর সহযোগিতার ফলেই এই ধরনের উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
উদয়পুরে প্রস্তাবিত এই আয়ুর্বেদিক মেডিকেল কলেজ চালু হলে ত্রিপুরার স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য অধ্যায় যুক্ত হবে।