আগরতলা, ১৯ জুন, ২০২৬ঃ
দুর্নীতি, বেকারত্ব, নারী নির্যাতন, শ্রমিক অধিকারসহ একাধিক ইস্যুতে রাজ্যজুড়ে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করল সিপিআইএম। পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এসআইআর প্রক্রিয়া নিয়েও সরব হয়েছে দল। শুক্রবার দুই দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ও সাধারণ সম্পাদক এমএ বেবি এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে গণডেপুটেশন কর্মসূচি শুরু করবে সিপিআইএম। বেকারত্ব, সরকারি দপ্তরে দুর্নীতির অভিযোগ এবং জনস্বার্থমূলক বিভিন্ন বিষয় নিয়ে এই কর্মসূচি হবে।
এছাড়াও নতুন শ্রম আইনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি এবং ১০ আগস্ট থেকে নারী নির্যাতনসহ বিভিন্ন ইস্যুতে রাজ্যজুড়ে বড় ধরনের আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এসআইআর প্রক্রিয়া নিয়ে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, বিজেপিকে ক্ষমতায় ধরে রাখার রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রক্রিয়াকে ব্যবহার করা হচ্ছে। তিনি দাবি করেন, বিহার ও পশ্চিমবঙ্গেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। এসআইআর প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে দল আন্দোলন করবে বলেও জানান তিনি।