আগরতলা, ২৬ জুন ২০২৬ঃ
জিবিপি হাসপাতাল ও আগরতলা মেডিকেল কলেজের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন সুপারস্পেশালিটি ডক্টরস ফোরাম। সরকারের এই সিদ্ধান্ত একতরফা এবং পর্যাপ্ত আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের সদস্য চিকিৎসকরা।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই সংগঠনের পক্ষ থেকে জিবিপি হাসপাতালের মেডিকেল সুপারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে ১৪ জন সুপারস্পেশালিটি চিকিৎসক জানান, তারা এমন সময় সরকারি পরিষেবায় যোগ দেওয়ার সময় প্রাইভেট প্র্যাকটিসের ওপর নিষেধাজ্ঞা ছিল না। সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা ছাড়া নীতিগত পরিবর্তন করা হলে পরিষেবার উপর প্রভাব ফেলতে পারে।
চিকিৎসকদের বক্তব্য, শুধুমাত্র প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করলেই স্বাস্থ্য পরিষেবার মান উন্নত হবে না। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি, পরিকাঠামোগত সমস্যা, আইসিইউ ও অপারেশন থিয়েটারের সীমাবদ্ধতা, সহায়ক কর্মীর অভাব এবং পদোন্নতি ও প্রণোদনার মতো বিষয়গুলির সমাধান জরুরি।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সিদ্ধান্তে আপত্তি জানালে চিকিৎসকদের পদত্যাগ করতে বলা পেশার প্রতি অসম্মানজনক।
চিকিৎসকরা জানান, তারা সরকারি স্বাস্থ্য পরিষেবা ও রোগীর স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সরকারকে তার পদক্ষেপগুলি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নেওয়া উচিত।