আগরতলা, ২৬ জুন, ২০২৬ঃ
কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার মোহনপুর মহকুমার বামুটিয়া বেড়িমুড়াতে ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষের উপর একদিনের কর্মশালার উদ্বোধন করে এই কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হলো কৃষি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি কল্পনা করা যায় না। দেশের মোট শ্রম শক্তির প্রায় ৬০ শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় বাড়াতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে কৃষিক্ষেত্রে রাসায়ণিক সারের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির উর্বরতা কমছে, ভূগর্ভস্থ জল দূষিত হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ১ জুন থেকে দেশজুড়ে ক্ষেত বাঁচাও অভিযান শুরু হয়েছে, চলবে ৩০ জুন পর্যন্ত।
মুখ্যমন্ত্রী জানান, এই অভিযানের মূল লক্ষ্য হলো রাসায়ণিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজে উৎসাহ দেওয়া। এতে জমির উর্বরতা বজায় থাকবে এবং কৃষকরা দীর্ঘমেয়াদে লাভবান হবেন।
তিনি আরও বলেন, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মতো প্রকল্পের সুবিধা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারি প্রকল্পগুলি নিয়ে আরও বেশি সচেতনতা তৈরি হলে কৃষকরা উপকৃত হবেন।