আগরতলা, ৩০ জুলাই, ২০২৬ঃ
সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার আগরতলা সচিবালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ফলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্যালারি প্যাকেজ স্কিম এর আওতায় সরকারি কর্মীরা বিনামূল্যে দুর্ঘটনা বীমাসহ একাধিক বিশেষ ব্যাংকিং সুবিধা পাবেন।
চুক্তি অনুযায়ী, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বেতন গ্রহণকারী নিয়মিত ও চুক্তিভিত্তিক সকল সরকারি কর্মচারী সর্বোচ্চ ২.৫০ কোটি টাকা পর্যন্ত ব্যক্তিগত দুর্ঘটনা বীমা পাবেন। এই বীমার জন্য কর্মচারীদের কোনও ধরনের প্রিমিয়াম দিতে হবে না। ব্যাংকের দাবি, সমগ্র ত্রিপুরায় সরকারি কর্মীদের জন্য কোনও ব্যাংকের পক্ষ থেকে এটিই সর্বোচ্চ অঙ্কের দুর্ঘটনা বীমা কভারেজ। এই উদ্যোগের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি তারা আধুনিক ব্যাংকিং পরিষেবা ও বিভিন্ন বিশেষ সুবিধার আওতায় আসবেন বলে জানানো হয়েছে।
ত্রিপুরা গ্রামীণ ব্যাংক জানিয়েছে, এই সমঝোতা সরকারি কর্মচারীদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতেও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী ব্যাংকিং পরিষেবা এবং জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে রাজ্যের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে ব্যাংক।