আগরতলা, ৩০ জুলাই, ২০২৬ঃ
আগামী দুই সপ্তাহে ত্রিপুরার আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আগরতলা আবহাওয়া কেন্দ্রের প্রকাশিত আবহাওয়া বুলেটিন অনুযায়ী, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কম হতে পারে। তবে ৭ থেকে ১৩ আগস্টের মধ্যে বৃষ্টিপাত স্বাভাবিকের কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎসহ বজ্রঝড় এবং ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে, যদিও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এই সময়ে রাজ্যের এক বা দুই স্থানে বজ্রবিদ্যুৎসহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ৭ থেকে ১৩ আগস্টের মধ্যে বৃষ্টিপাত স্বাভাবিকের কাছাকাছি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা কিছুটা বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এক বা দুই জায়গায় বজ্রঝড়ের সঙ্গে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত রাজ্যে মোট বৃষ্টিপাত হয়েছে ৩২.৭ মিলিমিটার, যা স্বাভাবিকের তুলনায় ৫৯ শতাংশ কম। চলতি বর্ষা মৌসুমে ১ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত ত্রিপুরায় মোট ৬৬০.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি স্বাভাবিকের তুলনায় ১৫ শতাংশ কম। গত সপ্তাহে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা অধিকাংশ দিন স্বাভাবিক বা তার চেয়ে কিছুটা বেশি ছিল। ২৬ জুলাই আগরতলায় সর্বোচ্চ ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং ২৩ জুলাই সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।