১৬ জুন, ২০২৫ঃ
গ্রামীণ অর্থনীতির বিকাশে এমজিএনরেগা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কর্মসূচির মাধ্যমে স্থায়ী সম্পদ সৃষ্টি, বনায়ন, পরিকাঠামো নির্মাণ ও কৃষিক্ষেত্রে সহায়তা সম্ভব হচ্ছে। ত্রিপুরা স্টেট এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিলের ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী উন্নয়ন কর্মসূচি রূপায়ণে জেলাশাসক, বিডিও সহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজের উপর জোর দেন।
মুখ্যমন্ত্রী মানিক সাহা সভায় বলেন, রাজ্যের প্রান্তিক এলাকায় বসবাসকারী মানুষদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ এবং উন্নয়নমূলক প্রকল্পের সুফল তাঁদের কাছে পৌঁছে দিতে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজ করা হবে।
সভায় গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব কুন্তল দাস ২০২৪-২৫ অর্থবছরের সাফল্য তুলে ধরেন। তিনি জানান, রাজ্যে বর্তমানে ৬,৯৪,৫৫৯ জন জবকার্ড হোল্ডার রয়েছে এবং এই অর্থবছরে মোট ৩ কোটি ৫৩ লক্ষ ৩৭ হাজার শ্রমদিবস সৃষ্টি হয়েছে। পাশাপাশি, প্রায় ৫ হাজার ২১০টি বনায়ন প্রকল্প সম্পন্ন হয়েছে। রাজ্যে আনারস চাষকে রেগা তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
সভায় কৃষিমন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ একাধিক বিধায়ক, মন্ত্রী, সরকারি আধিকারিক, টিটিএএডিসি-র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভূমি উন্নয়ন, সোশ্যাল অডিট এবং এসএনএ স্পর্শ চালু করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
এই বৈঠকের মাধ্যমে রাজ্যের গ্রামীণ উন্নয়নকে আরও সুসংহতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা তৈরি হল বলে প্রশাসনিক মহলের ধারণা।