আগরতলা, ৫ জুলাই ২০২৫ঃ
উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের ১০০ জন ছাত্রছাত্রী ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিভিন্ন সেন্টার পরিদর্শন করেছেন ব্যাঙ্গালুরুতে। ‘নর্থ ইস্ট স্টুডেন্টস প্রোগ্রাম ফর অ্যাওয়ারনেস, রিচ অ্যান্ড নলেজ অন স্পেস’ প্রকল্পের আওতায় এই সফরের আয়োজন করা হয়।
দু’দিনের এই সফরে প্রথম দিন তারা পরিদর্শন করেন ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক। দ্বিতীয় দিনে তারা ইউ আর রাও স্যাটেলাইট সেন্টারে চন্দ্রযান-৩ মিশনের বিশেষ ফুটেজসহ স্যাটেলাইট প্রযুক্তি ও বিভিন্ন মডেল ঘুরে দেখার সুযোগ পান। এই অভিজ্ঞতা মহাকাশ বিজ্ঞান সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ ও জ্ঞান বৃদ্ধি করেছে।
এনইসি সচিবালয় জানিয়েছে, এই প্রকল্পে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্য থেকে মোট ৮০০ ছাত্রছাত্রী এই সুযোগ পাবে। পাশাপাশি, জুন মাসে ত্রিপুরায় বিভিন্ন প্রকল্পে ১ কোটি ৩১ লক্ষ ৫৫ হাজার টাকা মঞ্জুর করেছে এনইসি। তার মধ্যে রয়েছে গান্ধীগ্রামে গার্লস হোস্টেল ও মুন বনকুলের ধর্ম দীপা স্কুলে হোস্টেল নির্মাণ প্রকল্প।