আগরতলা, ৭ আগস্ট ২০২৫ঃ
ত্রিপুরায় চাকমাঘাটে সড়ক দুর্ঘটনায় লরি চালক মিহির লাল দেবনাথের মর্মান্তিক মৃত্যু ঘিরে শোকের আবহের পাশাপাশি রাজ্যজুড়ে ছড়িয়েছে প্রবল ক্ষোভ। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হয়েছে সিআইটিইউ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দায়ীদের বিরুদ্ধে।
সিআইটিইউ নেতা মানিক দে বলেন, “কোটি কোটি টাকা খরচ করে দুর্যোগ মোকাবিলার বিজ্ঞাপন ও মহড়া চালানো হয়, কিন্তু বাস্তবে প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা আজকের দুর্ঘটনায় প্রমাণিত হয়েছে।” তিনি দোষীদের দ্রুত শাস্তি দাবি করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে, রাজ্যের মুখ্যমন্ত্রী কঠোর পদক্ষেপ নিয়েছেন। রাজস্ব দপ্তরের সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যা ১৫ আগস্টের মধ্যে রিপোর্ট জমা দেবে। পাশাপাশি, তেলিয়ামুড়ার এসডিএম-কে বরখাস্ত করা হয়েছে এবং খোয়াই জেলার জেলা শাসক ও কালেক্টরের বিরুদ্ধে জারি হয়েছে শোকজ নোটিশ।
রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত চালকের পরিবারকে মোট ৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪ লক্ষ টাকা বিপর্যয় ব্যবস্থাপনা তহবিল থেকে এবং বাকি ২ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হচ্ছে। রাজ্যের দুই মন্ত্রী টিংকু রায় ও শান্তনা চাকমা মৃত মিহির লালের দশদা বড়হলদি এলাকার বাড়িতে গিয়ে তাঁর পিতার হাতে অনুদানের চেক তুলে দেন ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এই ঘটনায় রাজ্যের সাধারণ মানুষের মধ্যে প্রশাসনিক জবাবদিহি এবং বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার কাঠামোগত সংস্কারের দাবি আরও জোরালো হয়েছে।