আগরতলা, ৯ আগস্ট, ২০২৫ঃ
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রদেশ আদিবাসী কংগ্রেসের উদ্যোগে রাজ্যের নয়টি সাংগঠনিক জেলায়ও দিনটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, ২০২১ সালে টিটিএএডিসি-তে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর জনজাতি অধ্যুষিত এলাকাগুলির শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, সড়ক পরিকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে কোনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং প্রতিদিনই জনজাতি মানুষ নিজেদের ন্যায্য দাবির জন্য আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন।
কংগ্রেস নেতারা বলেন, বর্তমান সরকার উন্নয়নের ব্যর্থতা ঢাকতে জনজাতি সমস্যাগুলি থেকে মনোযোগ সরিয়ে নিতে ব্যস্ত। এদিন রাজ্যজুড়ে আয়োজিত বিভিন্ন সভা ও আলোচনায় আদিবাসী জনগোষ্ঠীর সামনে গত কয়েক বছরের রাজনৈতিক প্রতারণার চিত্র তুলে ধরা হয়।
প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, তারা জনজাতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন অব্যাহত রাখবে।