আগরতলা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ঃ
আসামের গৌহাটিতে গণধর্ষণের শিকার হয়েছে ত্রিপুরার বাসিন্দা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী। ঘটনায় অভিযুক্ত পাঁচজন ছাত্রকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দু’জন নাবালক। অভিযুক্তরা সবাই প্রতিবেশী রাজ্য মনিপুরের বাসিন্দা। বুধবার ও বৃহস্পতিবার পুলিশ তাঁদের আটক করেছে।
ডেপুটি কমিশনার অব পুলিশ অমিতাভ বসুমাতারি জানান, ১৩ সেপ্টেম্বর এক পার্টিতে অংশ নেয়ার পর ছাত্রীটি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। পরদিন সকালে জেগে উঠে তিনি বুঝতে পারেন যে তাঁর উপর যৌন নির্যাতন হয়েছে। ইতিমধ্যে এক নাবালককে কিশোর আদালতে তোলা হয়েছে, অপর নাবালককেও আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত পাঁচজন ছাত্রকেই সাময়িকভাবে বরখাস্ত করেছে।
ঘটনাটি রাজ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মা সামাজিক মাধ্যমে জানান, তিনি ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি, ভুক্তভোগীর পরিচয় যেন ফাঁস না হয় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এছাড়াও তিপ্রা মথার ছাত্র সংগঠনের প্রতিনিধি দল, সাজরা দেববর্মার নেতৃত্বে, ভুক্তভোগীর সঙ্গে সাক্ষাৎ করে পাশে থাকার আশ্বাস দিয়েছে।