আগরতলা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ঃ
নতুন জিএসটি ব্যবস্থা সাধারণ নাগরিকদের কতটা উপকারে আসবে তা নিয়ে বুধবার আশঙ্কা প্রকাশ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিগত দিনে বিজেপি সরকারের বিভিন্ন উদ্যোগ গুলির জনজীবনে প্রভাব এখানে সেখানে আলোচনা করে এই আশঙ্কা প্রকাশ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। নতুন জিএসটি কর ব্যবস্থার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের জিএসটি সংস্কারের নতুন উদ্যোগকে নিয়ে তীব্র সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। দলে দাবি, ২০১৭ সালে চালু হওয়া জিএসটি করের পেছনে মূলত সাধারণ মানুষের অর্থ শোষণের উদ্দেশ্য লুকিয়ে ছিল, এবং বর্তমানে ঘোষণা করা ২.৫ লক্ষ কোটি টাকার ‘ছাড়’ কেবল সামান্য প্রতিকার হিসাবে কার্যকর হবে।
সংবাদ সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র উল্লেখ করেন, “জিএসটি সংস্কারের মাধ্যমে যে ছাড়ের ঘোষণা এসেছে, তা স্বাস্থ্য ও ওষুধ ক্ষেত্রসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাধারণ মানুষের উপকার নিশ্চিত করছে কিনা তা সন্দেহজনক। বিশেষ করে বিদেশ থেকে আমদানি হওয়া বিরল ওষুধের ক্ষেত্রে কর প্রত্যাহার কি দাম কমাবে, তা নিশ্চিত নয়।”
তারা আরও বলেন, “মোদিজীর শাসনামলে কেন্দ্রীয় কোষাগারে সাধারণ মানুষের রক্ত শুষে ৫৫ লক্ষ কোটি টাকা জমা হয়েছে। এছাড়া জালিয়াতি সংস্থার মাধ্যমে ২০২০-২৪ সালের মধ্যে ৩.০২ লক্ষ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ফলে বর্তমানে ঘোষিত ছাড় কেবল সামান্য ব্যান্ডেজ।”