আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে দিল্লি এইমস ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের মধ্যে এক মৈ চুক্তি স্বাক্ষরিত হলো বুধবার। এই চুক্তির মাধ্যমে ত্রিপুরার মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোকে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা ও সুপার স্পেশালিটি স্বাস্থ্যসেবার উৎকর্ষ কেন্দ্রে উন্নিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে এদিন নয়াদিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এই খবর জানিয়ে বলেন, “এটা ত্রিপুরার জন্য এক গর্বের মুহূর্ত।”
চুক্তির মাধ্যমে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালকে আধুনিক চিকিৎসা কেন্দ্র হিসেবে নয়াদিল্লির এইমসের সমতুল্য হাসপাতাল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে রাজ্যবাসীকে বিশ্বমানের চিকিৎসার সংক্রান্ত সুযোগ-সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিকে, মুখ্যমন্ত্রী মানিক সাহা মঙ্গলবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ও বিজেপির জাতীয় সভাপতি জগৎপ্রসাদ নাড্ডার সঙ্গে বৈঠক করেন। সেখানে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন তিনি।
বৈঠকে মুখ্যমন্ত্রী কুলাই, ধলাই জেলায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের প্রস্তাব দেন। এছাড়াও আগরতলায় একটি চক্ষু হাসপাতাল গঠন, এজিএমসি ও জিবিপি হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপন পরিষেবার জন্য ইমিউনোলজি ল্যাব স্থাপন, সুপার স্পেশালিটি ব্লকের জন্য আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় এবং এবি পিএম-জেএওয়াই প্রকল্পের বকেয়া দাবি মেটাতে অতিরিক্ত তহবিল বরাদ্দের আবেদন করেন।