আগরতলা, ৪ নভেম্বর, ২০২৫ঃ
উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের নেতারা এক ঐতিহাসিক পদক্ষেপে “ওয়ান নর্থ ইস্ট” নামে এক নতুন যৌথ রাজনৈতিক মঞ্চ গঠনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার নয়া দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়।
নতুন এই মঞ্চের লক্ষ্য—উত্তর-পূর্বাঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা, স্বার্থ ও পরিচয়কে জাতীয় স্তরে একীভূতভাবে উপস্থাপন করা। নেতারা জানান, এতদিন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম থেকে আলাদা আলাদা কণ্ঠে উত্তর-পূর্বের জনগণের সমস্যার কথা বলা হলেও এবার তারা এক কণ্ঠে, ঐক্যবদ্ধভাবে কথা বলবেন।
“ওয়ান নর্থ ইস্ট” ঘোষণায় নেতারা জানান, একটি বিশেষ কমিটি গঠন করা হবে যা ভবিষ্যতের কর্মপন্থা, কাঠামো ও রূপরেখা নির্ধারণ করবে। তাদের মূল উদ্দেশ্য হলো, উত্তর-পূর্ব ভারতের জনগণের কণ্ঠকে জাতীয় পরিসরে সম্মান ও মর্যাদার সঙ্গে পৌঁছে দেওয়া এবং একটি শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠা করা।
এই যৌথ উদ্যোগে স্বাক্ষর করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি কনরাড কে. সাংমা, তিপ্রা মথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোত বিক্রম মানিক্য, নাগাল্যান্ড সরকারের মন্ত্রী ও প্রাক্তন বিজেপি মুখপাত্র এম. ম্মহনলুমো কিকন এবং আসামের পিপল’স পার্টির প্রতিষ্ঠাতা ড্যানিয়েল লাংথাসা।