আগরতলা, ৩০ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় চলতি শিক্ষাবর্ষে সরকারি স্কুলগুলিতে বার্ষিক পরীক্ষার সময়সূচী প্রায় একমাস এগিয়ে এনেছে রাজ্য সরকার। সাধারণত ফেব্রুয়ারির শেষভাগ কিংবা মার্চের প্রথম সপ্তাহে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা দপ্তরের প্রকাশিত সূচি অনুযায়ী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারিতেই শেষ হয়ে যাবে বার্ষিক পরীক্ষা।
হঠাৎ করে এতটা আগে পরীক্ষা এনে দেওয়ায় শিক্ষকমহল, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। রাজ্যের বহু স্কুলে এখনও দ্বিতীয় ইউনিট পরীক্ষা পর্যন্ত শুরু হয়নি। ফলে খুব অল্প সময়ের মধ্যে পাঠ্যক্রম শেষ করা এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়ায় উনারা সমস্যা সৃষ্টি করবে।
এদিকে মার্চ মাসের ৩১ তারিখ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক শেষ দিন। সেই হিসেবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে পাঠক্রমের পড়াশোনা শেষ করার সুযোগ থাকে।
অভিভাবক মহলের দাবি, বার্ষিক পরীক্ষার সূচি এত আগে ঘোষণা করা হলে তার যথাযথ কারণ জানানো উচিত। শিক্ষক সমাজেরও বক্তব্য, এতো দ্রুত পাঠক্রম শেষ করা কঠিন হবে অনেক স্কুলের পক্ষে, বিশেষত যেখানে আগের মূল্যায়ন পর্ব এখনও বাকি।
যদিও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনো বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার নির্দিষ্ট কোনো কারণ জানায়নি।