ত্রিপুরা কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী নির্যাতন, বিভাগীয় তদন্তের নির্দেশ
আগরতলা, ২৭ নভেম্বর, ২০২৬ঃ
বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে এক বিচারাধীন বন্দির তোলা একাধিক অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন কারামন্ত্রী সান্ত্বনা চাকমা। আইজি প্রিজন ও জেলাশাসককে দ্রুত বিভাগীয় তদন্ত সম্পন্ন করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার কারামন্ত্রী সান্ত্বনা চাকমা তার সামাজিক মাধ্যমে লাইভে এসে জানান, একটি খুনের মামলায় বিচারাধীন নেশা মুক্তি কেন্দ্র স্বপ্না ফাউন্ডেশনের কর্ণধার শুভম বিশ্বাস গত ২০ নভেম্বর জামিনে মুক্তি পান। ২৫ নভেম্বর সামাজিক মাধ্যমে তিনি সংশোধনাগারে শারীরিক নির্যাতন, চিকিৎসা না পাওয়া এবং পরিবারের সঙ্গে ফোনে কথা বলার জন্য টাকা নেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন।
মন্ত্রী জানিয়েছেন, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী আবাসিকদের অভিযোগ প্রথমে ওয়ার্ড সেন্ট্রির কাছে জানাতে হয়। এরপর লিখিতভাবে অভিযোগ নথিভুক্ত করে গার্ড কমান্ডারের মাধ্যমে কর্তব্যরত কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। প্রয়োজনে জেলার বা সুপারিন্টেন্ডেন্টের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও রয়েছে।
শুভম বিশ্বাস সরাসরি জেলার বা সুপারিন্টেন্ডেন্টের সঙ্গে দেখা করার কথা বলেছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কারামন্ত্রী আরও জানান, সম্প্রতি সংশোধনাগার পরিদর্শনের সময় তিনি বন্দিদের সঙ্গে কথা বলে তাঁদের সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ নিয়েছিলেন। সে সময় সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে তাঁর সমস্যার কথা সরাসরি জানাতে পারতেন।
রাজ্যে পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে অভিযোগ প্রকাশের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, পুলিশের কাছে অভিযোগ না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হবে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










