ত্রিপুরা পুর ভোটে ত্রিস্তরীয় নিরাপত্তায় মোতায়েন ১০ হাজার নিরাপত্তাকর্মী
আগরতলা, ২৪ নভেম্বর, ২০২৬ঃ
আসন্ন পুর ও নগর সংস্থার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ত্রিপুরা পুলিশ। রাজ্যের মোট ৭০৪টি ভোটগ্রহণ কেন্দ্রকে তিনটি নিরাপত্তা শ্রেণিতে ভাগ করে ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান রাজ্য পুলিশের মহানির্দেশক জি এস রাও।
তিনি জানান, নির্বাচনী নিরাপত্তায় ইতিমধ্যে ৫,৭০০ জন টিএসআর জওয়ান এবং ১,৫০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্যে আগে থেকে থাকা ১৪ কোম্পানি সিআরপিএফ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করছে। অতিরিক্ত ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে।
ডিজিপির তথ্য অনুযায়ী, রাজ্যের ২৪৪টি ভোটগ্রহণ কেন্দ্রকে অতি স্পর্শকাতর এবং ১৪০টি কেন্দ্রকে নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া পৃথক শ্রেণিবিন্যাসে আরও ১০টি বুথকে চিহ্নিত করা হয়েছে। শুধু আগরতলা পুর নিগম এলাকাতেই ১৯টি ভোটগ্রহণ কেন্দ্র অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮টি স্ট্রংরুমে দুই সেকশন করে টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছে। সরকারি প্রেসেও অতিরিক্ত দুই সেকশন বাহিনী রাখা হয়েছে। পাশাপাশি রিটার্নিং অফিসারদের দপ্তরগুলিতেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী নির্বাচনী দায়িত্বে থাকবেন।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










