অল্পেতে রক্ষা ত্রিপুরার ; আসামকে ৫ রানে হারিয়ে এলিট গ্রুপে টিকে থাকল দল
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। সৈয়দ মুশতাক আলী ট্রফির এলিট গ্রুপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে শেষ রক্ষা হলো ত্রিপুরার। বৃহস্পতিবার নিউ চণ্ডীগড়ের নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সপ্তম তথা অন্তিম লিগ ম্যাচে পড়শি রাজ্য আসামকে মাত্র ৫ রানে পরাজিত করে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেল ত্রিপুরা। উল্লেখ্য, স্নায়ুক্ষয়ী এই ম্যাচে ৫ রানের রুদ্ধশ্বাস জয়ের সুবাদে এলিট গ্রুপে নিজেদের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে দলটি।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ত্রিপুরার; মাত্র ২২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। তবে অধিনায়ক মণিশঙ্কর মুরাসিংহের ২৮ বলে ৪৭ রান (২টি চার ও ৩টি ছক্কা) এবং অরিন্দম বর্মনের ১৯ বলে ঝোড়ো ৩৬ রানের (৩টি চার ও ২টি ছক্কা) ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রানের লড়াকু পুঁজি গড়ে ত্রিপুরা। এছাড়া মনদীপ সিং ২৯ এবং লক্ষ্য থারেজা ২২ রান করেন। আসামের পক্ষে মৃন্ময় দত্ত ৩০ রানে ৪টি উইকেট দখল করেন।
১৭১ রানের জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আসামের দুই ওপেনার প্রদ্যুন সাইকিয়া (২৪ বলে ৩৯) এবং বিশাল সাহা (১৭ বলে ২১) দলকে ভালো শুরু এনে দেন। পরবর্তীতে আসাম অধিনায়ক ডেনিশ দাস (৩৩ বলে ৩৭) এবং উইকেটরক্ষক রোহিত সেন (অপরাজিত ২৩ বলে ৩৩) জয়ের জন্য আপ্রাণ চেষ্টা চালালেও ত্রিপুরার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রানেই থেমে যায় আসামের ইনিংস। ত্রিপুরার পক্ষে অধিনায়ক মণিশঙ্কর মুরাসিং (২/২৬) ও লক্সয় থারেজা (২/১৫) দুটি করে উইকেট নিয়ে দলের নাটকীয় জয় নিশ্চিত করেন।
সংক্ষিপ্ত স্কোর:
ত্রিপুরা: ১৭০/৯ (২০ ওভার) — মণিশঙ্কর মুরাসিংহ ৪৭, অরিন্দম বর্মন ৩৬, মনদীপ সিং ২৯; মৃন্ময় দত্ত ৪/৩০, জিতুমণি কলিতা ১/৩০, আকাশ সেনগুপ্ত ১/৪৪।
আসাম: ১৬৫/৭ (২০ ওভার) — প্রদ্যুন সাইকিয়া ৩৯, ডেনিশ দাস ৩৭, রোহিত সেন ৩৩*; লক্ষ্য থারেজা ২/১৫, মণিশঙ্কর মুরাসিংহ ২/২৬, চিরঞ্জিত পাল ১/২৫।
ফলাফল: ত্রিপুরা ৫ রানে জয়ী।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










