কর্মস্থলে যাতায়াতের মাধ্যম হোক সাইকেল হায়দরাবাদ থেকে মুম্বাই পাড়ি সত্যম সিংয়ের
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। 'সাইকেল টু ওয়ার্ক’-এর বার্তা ছড়িয়ে দিতে ৬৯০–৭০০ কিলোমিটার পথ অতিক্রম আগরতলা সাইকোহলিকসের সহ-প্রতিষ্ঠাতার। দৈনন্দিন যাতায়াত এবং কর্মস্থলে পৌঁছানোর মাধ্যম হিসেবে সাইকেলকে জনপ্রিয় করে তোলার লক্ষ্য নিয়ে এক অনন্য নজির গড়লেন ‘আগরতলা সাইকোহলিকস’-এর সহ-প্রতিষ্ঠাতা সত্যম সিং। তিনি হায়দরাবাদ থেকে মুম্বাই পর্যন্ত প্রায় ৬৯০ থেকে ৭০০ কিলোমিটার দীর্ঘ পথ মাত্র আড়াই দিনে সাইকেল চালিয়ে অতিক্রম করেছেন। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে তিনি এই কঠিন অভিযান সম্পন্ন করেন। পেশায় ভারতের টেলিযোগাযোগ বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক সত্যম সিং পাঁচ থেকে ছয় বছর আগরতলায় কর্মরত থাকার পর বর্তমানে মুম্বাইয়ে নিযুক্ত রয়েছেন।
সত্যম সিংয়ের কাছে সাইক্লিং কেবল কোনো নিছক শখ নয়, বরং তাঁর প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ব্যস্ততম শহর মুম্বাইয়ে বসবাস করেও তিনি নিয়মিত সাইকেলে চেপেই নিজের কর্মস্থলে যাতায়াত করেন। তাঁর এই দীর্ঘ অভিযানের মূল ভাবনা হলো ‘সাইকেল টু ওয়ার্ক’। তিনি মনে করেন, স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য গাড়ি বা মোটরবাইকের পরিবর্তে সাইকেল ব্যবহার করলে একদিকে যেমন মূল্যবান জ্বালানি সাশ্রয় হয় এবং পরিবেশ দূষণ কমে, তেমনই শরীর ও মন সুস্থ থাকে।
তাঁর এই দুঃসাহসিক অভিযানের পেছনে কোনো ব্যক্তিগত রেকর্ড গড়া বা দীর্ঘ দূরত্ব অতিক্রমের কৃতিত্ব জাহির করা মূল উদ্দেশ্য নয়। বরং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতের অভ্যাস পরিবর্তন করে সাইকেলকে জীবনের অংশ করে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। ‘সাইকেল টু ওয়ার্ক’ উদ্যোগের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে তাঁর স্পষ্ট বার্তা—কর্মস্থলে যাতায়াত হোক সাইকেলে, যাতে ব্যক্তিগত জীবন আরও সুস্থ ও নির্মল হয় এবং আমাদের চারপাশের পরিবেশ হয়ে ওঠে আরও সুন্দর।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










