পুরভোটে ত্রিপুরা বিজেপির ২১ দফা প্রতিশ্রুতি নিয়ে সংকল্পপত্র প্রকাশ
আগরতলা, ২২ নভেম্বর, ২০২৬ঃ
আসন্ন পুর ও নগর সংস্থার নির্বাচনকে সামনে রেখে ২১ দফা প্রতিশ্রুতি সম্বলিত সংকল্পপত্র প্রকাশ করল বিজেপির ত্রিপুরা প্রদেশ। দলের রাজ্য সভাপতি অভিষেক দেবরায় এই সংকল্পপত্র প্রকাশ করেন।
বিজেপির সংকল্পপত্রে যানজটমুক্ত শহর গড়ে তোলা, উন্নত নিকাশি ব্যবস্থা, জঞ্জালমুক্ত শহর, বস্তি এলাকার উন্নয়ন, পানীয় জলের সুনিশ্চিত সরবরাহ এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শহরাঞ্চলে নিরাপত্তা জোরদার, রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্ন বাজার এবং শহর সৌন্দর্যায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
সাংবাদিক সম্মেলনে অভিষেক দেবরায় জানান, যানজট নিরসনে আরও একটি বাইপাস সড়ক নির্মাণের কাজ চলছে। পাশাপাশি যানজটমুক্ত আগরতলা গড়ে তুলতে আরও একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুর এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়ন ও আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
সংকল্পপত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর এর আওতায় যোগ্য উপভোক্তাদের গৃহনির্মাণের সুযোগ সম্প্রসারণের আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের অধীনে চলতি এবং নতুন প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে শহরাঞ্চলের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির ২১ দফা সংকল্পপত্রে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










