আমতলী মাঠে শুরু হচ্ছে কর্পোরেট ক্রিকেট প্রকাশ্যে নকআউট সূচি ও পুরস্কার তালিকা
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আয়োজিত কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ বছর সাতটি অংশগ্রহণকারী দল নিয়ে শহরের আমতলী মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অভিষেক দে এবং কোষাধ্যক্ষ মেঘধন দেব। এছাড়াও উপস্থিত ছিলেন দিব্যেন্দু দে, বাপন দাস, মিলটন ধর, বিশ্বজিৎ দেবনাথ, সিশান চক্রবর্তী, প্রণব শীল, জাকির হোসেন ও অনির্বাণ দেব সহ অন্যরা। পাশাপাশি জানানো হয়েছে, টুর্নামেন্টে আকর্ষণীয় পুরস্কার হিসেবে সুদৃশ্য চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফির পাশাপাশি ম্যান অফ দ্য টুর্নামেন্ট, প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এবং সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও সেরা ফিল্ডার প্রত্যেককে পুরস্কৃত করা হবে।
টুর্নামেন্টের প্রকাশিত নকআউট সূচি অনুযায়ী, আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ছয়টি মূল ম্যাচ অনুষ্ঠিত হবে। সিঙ্গেল-এলিমিনেশন ফরম্যাটে র্যাঙ্কিং অনুযায়ী দলগুলো মুখোমুখি হবে, যেখানে ষষ্ঠ র্যাঙ্কে ‘বাই’ থাকায় পঞ্চম র্যাঙ্কের দল টিজিবি কোয়ার্টার ফাইনাল না খেলেই সরাসরি দ্বিতীয় সেমিফাইনালে ওয়াকওভার পাবে। ২৮ নভেম্বর প্রথম দিনে কোয়ার্টার ফাইনালের সূচিতে সকাল ৯টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে আইএলএস ও গেইল, সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় ম্যাচে টিএসসিবি খেলবে হ্যালুসিনেট-এর বিরুদ্ধে এবং দুপুর ১২টায় তৃতীয় ম্যাচে লড়বে টিএসএমসি ও টিএসইসিএল।
পরদিন ২৯ নভেম্বর সেমিফাইনাল ও ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। ওই দিন সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে প্রথম ও দ্বিতীয় ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে, সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় সেমিফাইনালে টিজিবি খেলবে তৃতীয় ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে এবং দুপুর ১২টায় ফাইনাল ম্যাচে চতুর্থ ও পঞ্চম ম্যাচের বিজয়ী দল শিরোপার লড়াইয়ে নামবে। আয়োজকদের পক্ষ থেকে সুষ্ঠু ও আকর্ষণীয়ভাবে প্রতিযোগিতা সম্পন্ন করার পাশাপাশি সব দলকে নির্ধারিত সময়ে মাঠে থাকার আহ্বান জানানো হয়েছে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










