ত্রিপুরা পুরভোটে ৮১০ প্রার্থীর জন্য ভোট করবেন ৫.৬৫ লক্ষ ভোটার
আগরতলা, ২৫ নভেম্বর, ২০২৬ঃ
আগামী ২৭ নভেম্বর ত্রিপুরার পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮১০ প্রার্থী। এদিন সারা রাজ্যে ভোট করবেন ৫.৬৫ লক্ষ ভোটার। বুধবার সাংবাদিকদের এই তথ্য জানান রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন।
তিনি জানান, এবারের নির্বাচনে মোট ৫,৬৫,৫১৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের মধ্যে প্রায় ২ লক্ষ ৭৬ হাজার পুরুষ, ২ লক্ষ ৮৮ হাজার মহিলা এবং ৪৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
সারা রাজ্যে ২৬৮টি আসনের ৭০৪টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে এদিন। এই ভোট পরিচালনার জন্য ৯০৯টি ভোটগ্রহণ দল গঠন করা হয়েছে। এই কাজে নিযুক্ত রয়েছেন প্রায় ৪,৬০০ জন কর্মী। বৃহস্পতিবার ভোটকর্মীরা নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশে রওনা হবেন। বুধবার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দপ্তরে ভোটগ্রহণের সামগ্রী বিতরণ ও যাচাইয়ের কাজ শুরু হয়েছে।
রাজ্যের ২১টি পুর ও নগর সংস্থার মোট ৩৪৫টি আসনে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ৭৭টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় বাকি ২৬৮টি আসনে ১৬টি নগর সংস্থায় ভোটগ্রহণ হবে। নির্বাচনে মোট প্রার্থীদের মধ্যে বিজেপির ৩৪২ জন, সিপিআইএম এর ২১৮ জন এবং কংগ্রেসের ২০১ জন রয়েছেন।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










