আগরতলা, ৬ আগস্ট ২০২৫ঃ
“বর্তমান প্রজন্মকে যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত না করা যায়, তাহলে সুস্থ সমাজ গড়া সম্ভব নয়।” — মঙ্গলবার আগরতলার বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থার উদ্যোগে আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ১০ জন ছাত্রছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। জানা গেছে, টিবিএসই ও সিবিএসই অনুমোদিত ১৯টি বিদ্যালয়ের একাদশ শ্রেণির মোট ৯৫ জন ছাত্রছাত্রীকে এই পাঠ্যপুস্তক প্রদান করা হয়েছে।
বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, “প্রকৃত শিক্ষা মানুষকে অজ্ঞানতা থেকে মুক্ত করে জ্ঞানী করে তোলে, আর এই শিক্ষার প্রথম পাঠশালা হল পরিবার ও মা।” তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, শুধুমাত্র পুঁথিগত জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজসেবার মানসিকতা গড়ে তুলতে হবে।
শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, শিক্ষার পরিকাঠামো ও মানোন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে। রাজ্যে ইতিমধ্যেই জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে, যা গুণগত শিক্ষার প্রসারে সহায়ক হবে।
তিনি বলেন, “ত্রিপুরায় সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ল কলেজ, ৪০০টি এমবিবিএস সিট, ৫০টি বিএসসি নার্সিং সিট এবং একটি নতুন ডেন্টাল কলেজ স্থাপিত হয়েছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে আরও পদক্ষেপ নেওয়া হবে।”
এদিন ছাত্রছাত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর আহ্বান ছিল স্পষ্ট — “শুধুমাত্র পাঠ্যবইয়ের গণ্ডিতে আবদ্ধ না থেকে জ্ঞানের পরিধি বাড়িয়ে ত্রিপুরার নাম আন্তর্জাতিক স্তরে তুলে ধরার মানসিকতা গড়ে তুলতে হবে।”