আগরতলা, ৬ আগস্ট ২০২৫ঃ
তেলিয়ামুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত লরি চালক মিহিরলাল দেবনাথের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করল রাজ্য সরকার। সরকার মৃত মিহিরলাল দেবনাথের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে মোট ৬ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছে। এর মধ্যে ৪ লক্ষ টাকা দেওয়া হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনা তহবিল থেকে এবং বাকি ২ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য রাজস্ব দপ্তরের সচিবের নেতৃত্বে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দ্রুত ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে ১৫ আগস্ট এর মধ্যে রিপোর্ট জমা দেবে।
ঘটনায়, তেলিয়ামুড়ার এসডিএম-কে বরখাস্ত করা হয়েছে এবং খোয়াই জেলার জেলা শাসক ও কালেক্টরের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে।
প্রশাসনের পক্ষে জানানো হয়েছে যে, “জনগণের বিশ্বাস ও ন্যায়বিচার রক্ষাই সরকারের অঙ্গীকার। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”
এই ঘটনায় জনমনে তৈরি হওয়া ক্ষোভ কিছুটা প্রশমিত হলেও, তদন্তের রিপোর্ট এবং পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।
ঘটনাটি ঘিরে জনমনে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দেওয়ার পর সরকার এই প্রশাসনিক এবং আর্থিক উদ্যোগের ঘোষণা করে।