আগরতলা, ২৯ জুন, ২০২৬ঃ তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল ২০২৬ আজ নয়াদিল্লিতে সফলভাবে শেষ হয়েছে। উৎসবের মাধ্যমে ত্রিপুরার বিখ্যাত কুইন পাইনঅ্যাপেল-এর গুণমান, জিআই স্বীকৃতি এবং রাজ্যের আনারস শিল্পের সম্ভাবনা দেশের সামনে তুলে ধরা হয়। আনারস শিল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা সরকারি স্টলগুলিকে পুরস্কৃত করা হয়। যৌথভাবে প্রথম পুরস্কার পায় ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন এবং আর এনজে অ্যাগ্রি-ক্লিনিক অ্যান্ড অ্যাগ্রিবিজনেস প্রাইভেট লিমিটেড। দ্বিতীয় পুরস্কার লাভ করে নেরাম্যাক এবং তৃতীয় পুরস্কার পায় ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন।উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ত্রিপুরার জিআই-স্বীকৃত কুইন পাইনঅ্যাপেলের শংসাপত্র এক কৃষকের হাতে তুলে দেওয়া। তাঁকে ২৫ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও আনারস চাষে বিশেষ অবদানের জন্য দুই প্রগতিশীল কৃষককে ‘সেরা পাইনঅ্যাপেল চাষি’ সম্মানে ভূষিত করা হয় এবং তাঁদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। তিন দিনের এই আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনী, ক্রেতা-বিক্রেতা বৈঠক এবং বিভিন্ন অংশীজনের অংশগ্রহণের মাধ্যমে ত্রিপুরার আনারস শিল্পের সম্ভাবনা, ভ্যালু অ্যাডিশন, ব্র্যান্ডিং, রপ্তানি সম্প্রসারণ ও নতুন বাজার তৈরির সুযোগ তুলে ধরা হয়। উৎসবটি ত্রিপুরাকে উন্নত মানের জিআই-স্বীকৃত কুইন পাইনঅ্যাপেল উৎপাদনে দেশের অন্যতম অগ্রণী রাজ্য হিসেবে আরও প্রতিষ্ঠিত করেছে।