আগরতলা, ২২ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যের উন্নয়নে আগামী ২২ বছরের জন্য ‘বিকশিত ত্রিপুরা ২০৪৭’ শীর্ষক ভীষণ ডকুমেন্ট প্রকাশিত হলো শুক্রবার। এই দিন আগরতলায় মন্ত্রিপরিষদের সকল সদস্যদের উপস্থিতিতে এই ভীষণ ডকুমেন্ট প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
স্বাধীনতার শতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত ২০৪৭’-এর স্বপ্নকে সামনে রেখে নীতি আয়োগের নির্দেশিকা অনুযায়ী ত্রিপুরা সরকার এই ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছে। এতে আগামী ২০৪৭ সালের মধ্যে ত্রিপুরাকে এক আত্মনির্ভর, আধুনিক, সমৃদ্ধ ও প্রযুক্তি-নির্ভর রাজ্যে পরিণত করার রূপরেখা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীপরিষদ সদস্য রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী, সান্তনা চাকমা, সুধাংশু দাস, বিকাশ দেববর্মা, টিঙ্কু রায় ও কিশোর বর্মন। তারা রাজ্যের সামগ্রিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উদ্যোগটির মূল লক্ষ্য হলো শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি ‘উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ে তোলা।
সরকারের দাবি, এই ভিশন ডকুমেন্ট কেবল ভবিষ্যৎ পরিকল্পনাই নয়, বরং আগামী প্রজন্মের জন্য এক স্বপ্নময় নকশা—যেখানে ত্রিপুরাকে এক উজ্জ্বল, আত্মমর্যাদাশীল ও অগ্রসর রাজ্যে পরিণত করার লক্ষ্য সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।