আগরতলা, ২২ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরার জনজাতি ভাষাগুলিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকিয়ে রাখতে কেন্দ্রীয় সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। গবেষণা, প্রকাশনা, ডিজিটাল আর্কাইভ তৈরি থেকে শুরু করে বিদ্যালয়ের পাঠ্যসূচিতে প্রাথমিক বই অন্তর্ভুক্ত করার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এ তথ্য লোকসভায় জানিয়েছেন কেন্দ্রীয় জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকেই।
ত্রিপুরার সাংসদ কৃতি দেবী দেববর্মার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারা দেশের মতো ত্রিপুরাতেও ট্রাইবাল রিসার্চ এন্ড কালচারাল ইনস্টিটিউট আর্থিক সহায়তা পাচ্ছে। এই প্রতিষ্ঠান জনজাতি ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে নানাবিধ প্রকল্পে কাজ করছে।
মন্ত্রী বিস্তারিতভাবে জানান, ত্রিপুরায় জনজাতি ভাষায় শিক্ষণমূলক বই প্রকাশ, অভিধান রচনা, বার্ষিক সাহিত্য পত্রিকা “সাইমা” এবং ছয় মাস অন্তর গবেষণা পত্রিকা “টিইউআই” প্রকাশিত হচ্ছে। পাশাপাশি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় নিয়মিত সেমিনার ও কর্মশালা আয়োজন এবং অডিও-ভিডিও ডকুমেন্টেশনও তৈরি হচ্ছে। সরকারি বিদ্যালয়গুলোতে ইতিমধ্যেই জনজাতি ভাষার প্রাইমার চালু হয়েছে। প্রকাশিত গবেষণা ও গ্রন্থাদি রাজ্যের ট্রাইবাল রিসার্চ এন্ড কালচারাল ইনস্টিটিউটের সোশ্যাল সায়েন্স লাইব্রেরিতে সংরক্ষিত হচ্ছে এবং ডিজিটাল মাধ্যমে উন্মুক্ত রাখা হয়েছে।
মন্ত্রী দুর্গাদাস উইকেই বলেন, “ত্রিপুরার জনজাতি ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এগুলো সমৃদ্ধ সাহিত্য ও সংস্কৃতির বাহক। তাই কেন্দ্রীয় সরকার এগুলিকে সংরক্ষণ ও প্রচারে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।”