আগরতলা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ঃ
গ্রেটার তিপ্রাল্যান্ড দাবির সাংবিধানিক স্বীকৃতি এবং তিপ্রাসা একোর্ড চুক্তির বাস্তবায়নের দাবিতে ফের আন্দোলনের পথে তিপ্রামথা। মঙ্গলবার রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করে দল। একই দিনে আগরতলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় মশাল মিছিল।
তিপ্রাসা একোর্ড চুক্তি স্বাক্ষর করে ২০২৪ সালে সরকারি জোটে যোগ দিয়েছিল তিপ্রামথা। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও চুক্তির কার্যকর বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ দলের। এডিসি এলাকায় ক্ষমতায় থেকেও প্রত্যাশিত উন্নয়ন ঘটাতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ বাড়ছে আদিবাসী সমাজে। ভিলেজ কমিটির নির্বাচন ঘনিয়ে আসতেই কেন্দ্র ও রাজ্য সরকারকে চাপে রাখতে নতুন আন্দোলনের ডাক দিয়েছে তিপ্রামথা।
দিল্লির কর্মসূচিতে দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মার পাশে বসে সমর্থন জানান রাজ্যের বিজেপি সাংসদ কৃতি সিং দেববর্মা। দলের তরফ থেকে সংসদের হাতে তুলে দেওয়া হয় তিন দফা দাবির স্মারক।
অন্যদিকে, দিল্লির বিক্ষোভের সমর্থনে আগরতলায় মশাল মিছিল করেন দলের কর্মী-সমর্থকেরা। দলের বিধায়ক তথা প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা জানান, দিল্লি আন্দোলনের প্রতি সমর্থন জানাতেই এই মিছিলে আয়োজন করা হয়েছে।