আগরতলা, ৩০ জুন, ২০২৬ঃ
মনরেগা প্রকল্পে কেন্দ্রের কাছে গত অর্থবছরের রাজ্যের বকেয়া রয়েছে ৩৮০ কোটি টাকা। নয়া দিল্লিতে রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলনে এই বকেয়া টাকার দাবি জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে নয়া দিল্লিতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলন।
সম্মেলনে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন দাবিগুলো তুলে ধরেন মন্ত্রী।
সম্মেলনে কেন্দ্র সরকারের কাছে ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ের জন্য চাওয়া ৪৮২ কোটি টাকা দ্রুত মুক্তি দেওয়া এবং পূর্ববর্তী মনরেগা প্রকল্পের অধীনে উপকরণ বাবদ বকেয়া প্রায় ৩৪০ কোটি টাকা দ্রুত প্রদান করার দাবি জানানো হয়। পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, জীবিকা সৃষ্টি ও জলবায়ু সহনশীল প্রকল্প বাস্তবায়নে রাজ্যগুলিকে আরও বেশি স্বাধীনতা দেওয়ার দাবি জানানো হয়।
প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ নিয়েও রাজ্যের পক্ষে অতিরিক্ত আবাস বরাদ্দের দাবি জানানো হয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় ২ লক্ষ ৫৬ হাজার যোগ্য পরিবারের পাকা বাড়ি নেই। চলতি অর্থবছরে ১ লক্ষ ৫০ হাজার অতিরিক্ত আবাস এবং অবশিষ্ট আবাস আগামী অর্থবছরে অনুমোদনের জন্য আবেদন জানানো হয়েছে।
এছাড়াও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাএর আওতায় এনবিসিসি, এইচএসসিএল এবং অন্যান্য সংস্থা থেকে হস্তান্তরিত সড়কগুলির এককালীন সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ৪০ কোটি টাকার বিশেষ আর্থিক সহায়তার দাবি উত্থাপন করা হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ভারত সরকারের কৃষি, কৃষক কল্যাণ ও গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেশের ২৯টি রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী এবং কেন্দ্র ও রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা এতে অংশগ্রহণ করেন।