আগরতলা, ১ জুলাই, ২০২৬ঃ
ত্রিপুরার জাতীয় সড়ক পরিকাঠামোর উন্নয়ন নিয়ে নয়াদিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৈঠকে রাজ্যের চলমান জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা শক্তিশালী করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে চুড়াইবাড়ি থেকে চম্পকনগর পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার জাতীয় সড়ককে চার লেনে উন্নীত করার জন্য এলাইনমেন্ট অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রক। রেলপথের পাশাপাশি এই গ্রিনফিল্ড চার লেন জাতীয় সড়ক তৈরি হবে। প্রকল্পের জন্য আঠারমুড়া ও লংতরাই এলাকায় টানেল নির্মাণের পরিকল্পনাও রয়েছে। শীঘ্রই এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।
বৈঠকে ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কগুলির পুনর্নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আগরতলা খোয়াই এনএইচ-১০৮বি, কুমারঘাট-কাইলাসহর, কাইলাসহর খোয়াই এনএইচ-২০৮ এবং কাইলাসহর-কুর্তি ব্রিজ সড়কের উন্নয়ন সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটের সুপারিশ অনুযায়ী করা হবে।
মুখ্যমন্ত্রী জাতীয় সড়কের পাশে ড্রেন ও রিটেইনিং ওয়াল নির্মাণের ব্যবস্থা রাখার অনুরোধ জানান, যাতে বর্ষার সময় জল জমা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের সমস্যা কমানো যায়।