আগরতলা, ৯ সেপ্টেম্বর ২০২৫ঃ
ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হিমাচল প্রদেশের দুর্গতদের সহায়তায় এগিয়ে এলো ত্রিপুরা প্রদেশ বিজেপি। মঙ্গলবার দলীয় উদ্যোগে প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ টাকার ত্রাণসামগ্রী পাঠানো হয় পাহাড়ি রাজ্যের উদ্দেশ্যে।
আগরতলায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা অন্যান্য নেতৃবৃন্দের সবুজ পতাকা নেড়ে ভার্চুয়ালি ত্রাণবাহী গাড়িগুলিকে হিমাচলের উদ্দেশ্যে রওনা করান। মুখ্যমন্ত্রী জানান, বিপর্যস্ত হিমাচলবাসীর পাশে ত্রিপুরা সবসময় থাকবে।
এর আগে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা প্রদান করা হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় হিমাচল প্রদেশে এখন পর্যন্ত অন্তত ১৬৩ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে।
মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “এই কঠিন সময়ে হিমাচল প্রদেশের বন্যাদুর্গত মানুষের পাশে আমরা আছি। ত্রিপুরার জনগণের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।”