আগরতলা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ঃ
রুদ্রসাগরকে ঘিরে এই এলাকার মানুষের প্রাত্যহিক জীবনযাত্রার প্রতিচ্ছবি নীরমহল জল উৎসব। নীরমহল কেবল রাজকীয় স্থাপত্য নয়, বরং রাজ্যের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকও বটে। তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী এই উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ।
তিনি বলেন, নীরমহল ও রুদ্রসাগর স্থানীয় অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। এই উৎসব শুধুমাত্র পর্যটন বিকাশের জন্য নয়, বরং এলাকার মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম, তথ্য ও সংস্কৃতি দপ্তর, সিপাহীজলা জেলা পরিষদ, মেলাঘর পুর পরিষদ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নীরমহল জল উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সহকারি সভাধিপতি পিন্টু আইচ, সমাজসেবী উত্তম দাস, পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত বাদল নেগি, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায়, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, ভাইস চেয়ারপার্সন গুরুপদ রায়, সোনামুড়ার মহকুমা শাসক রাজু দেব, রুদ্রসাগর উদবাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ-অধিকর্তা পাঞ্চালী দেববর্মা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিল্পীদের পরিবেশিত উদ্বোধনী সংগীত মন জয় করে নেয় দর্শকদের।