আগরতলা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ঃ
উত্তর ত্রিপুরা জেলায় অবিরাম বর্ষণে আবারও অচল হয়ে পড়ল কৈলাসহর–কুমারঘাট জাতীয় সড়ক ২০৮। বৃহস্পতিবার গভীর রাতে পবিয়াছড়া বিধানসভা এলাকার শান্তিপুরের ১ নম্বর ওয়ার্ডে ভয়াবহ ভূমিধসের ফলে জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। কেবল যান চলাচলই নয়, শান্তিপুর স্কুল সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভোররাত প্রায় ৩টার সময় হঠাৎ প্রচণ্ড শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে দেখেন, কাদামাটি ও পাথরে জাতীয় সড়ক ঢেকে গেছে, সঙ্গে ভাঙা বিদ্যুতের খুঁটি পড়ে রয়েছে। ফলে দুই পাশে বেশ কয়েকটি যানবাহন আটকে পড়ে। আজ সকালে কৈলাসহর থেকে কুমারঘাট রেলস্টেশনে যাওয়া একটি বাসকেও মাঝপথে ফিরে আসতে বাধ্য হতে হয়েছে।
শান্তিপুর ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিজনিত ক্ষতির খবর পাওয়া গেছে। উজন জলাইছড়ার ৫ নম্বর ওয়ার্ডে একাধিক গাছ উপড়ে পড়ে জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দা দেবব্রত দেব অভিযোগ করে বলেন, “রাত ৩টার দিকে গাছ পড়লেও সকাল ১১টা পর্যন্ত প্রশাসনের কোনও উদ্যোগ দেখা যায়নি। এতে ভোগান্তি আরও বেড়েছে।”
এছাড়া বালেহার এলাকায় জাতীয় সড়কের বড় অংশ জলের স্রোতে ভেসে গেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত মেরামতির কাজ শুরু না হলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়বে। অতীতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ একাধিকবার সংস্কার কাজ করলেও প্রাকৃতিক দুর্যোগে এই গুরুত্বপূর্ণ সড়ক বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।