আগরতলা, ২৪ জুলাই, ২০২৬ঃ
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল সিপিআইএম। শুক্রবার আগরতলার মেলারমাঠস্থিত দশরথ দেব স্মৃতি ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত দলের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি, আন্দোলনের রূপরেখা এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন, আগামী ১০ আগস্টের কর্মসূচি এবং ২১ আগস্ট কিউবার প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে স্মরণে আয়োজিত কর্মসূচি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করে আগামী দিনের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশলও নির্ধারণ করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান, রাজ্যের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থ ও দাবি-দাওয়া নিয়ে সিপিআইএম আগামী দিনেও ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে। একই সঙ্গে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সামনে থাকা বিভিন্ন কর্মসূচিকে সফল করতে সংগঠনের সবস্তরে প্রস্তুতি নেওয়া হবে। সেই লক্ষ্যেই রাজ্য কমিটির এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিপিআইএম নেতৃত্ব।