আগরতলা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ঃ
পুজোয় যাত্রী ভিড় সামলাতে আগরতলা–কলকাতা রুটে দুইটি অতিরিক্ত বিমান পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ইন্ডিগো প্রতিদিন একটি ১৮০ আসনের এয়ারবাস চালাবে। কলকাতা থেকে এই বিমানটি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আগরতলায় পৌঁছবে এবং পুনরায় রাত ৮টা ২০ মিনিটে কলকাতার উদ্দেশ্যে উড়ে যাবে। প্রায় এক মাস আগে এই রুট থেকে বিমানটি তুলে নেওয়া হলেও, যাত্রী চাহিদার কারণে ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও যাত্রী ভিড় এড়াতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিকালের দিকে একটি অতিরিক্ত বিমান চালাবে। এটি হবে ১৮২ আসনের বোয়িং।
দুই সংস্থার এই পদক্ষেপের ফলে পুজোর সময় আগরতলা–কলকাতা রুটে যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
আগরতলার মহারাজা বিক্রম বিমানবন্দর থেকে কলকাতা, গৌহাটি, নয়া দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ইম্ফল এবং ডিব্রুগড়ের মধ্যে বিমান চলাচল করে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হিসাব অনুযায়ী, এমবিবি বিমানবন্দর থেকে দৈনিক বিমান চলাচল করে ১৪ থেকে ১৫টি। সাপ্তাহে ১০০ থেকে ১১০টি বিমান চলাচল করে। প্রতিটি বিমানে ঘরে ১৪০ থেকে ১৫০ জন যাত্রীর হিসেবে আগরতলা বিমানবন্দর থেকে প্রতিদিন প্রায় ৩,৮৬৫ জন যাত্রী এমবিবি বিমানবন্দর থেকে যাতায়াত করে থাকেন।